
বলিউডের কিংখ্যাত অভিনেতা শাহরুখ খান সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে অংশ নেন। সেখানে নিজের জীবনের এক গভীর মুহূর্তের কথা তুলে ধরেন তিনি—যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ে শাহরুখ খানের নামে নির্মিত একটি বিলাসবহুল বাণিজ্যিক টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে তার দীর্ঘদিনের বন্ধু ও বলিউড পরিচালক ফারাহ খানও ছিলেন। অনুষ্ঠানে ফারাহর সঙ্গে কথা বলতে বলতেই শাহরুখ ফিরে যান তার শৈশবের কঠিন সময়ে। তিনি বলেন, ‘জীবনে বদলে যাওয়ার মুহূর্তটি আসে খুব অল্প বয়সে—যখন আমি বাবা-মাকে হারাই। তখন মনে হয়েছিল তারা আকাশের তারা হয়ে গেছে, আর আমাকে দেখতে পাচ্ছেন না।’ শাহরুখ জানান, সেই শোকই তাকে জীবনে আরও দৃঢ়, আরও পরিশ্রমী করে তোলে। তার ভাষায়, ‘আল্লাহর অশেষ রহমতে জীবনে এমন অনেক সাফল্য এসেছে, যা আমি কখনও ভাবিনি। লন্ডনে “দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে”-র জন্য আমার ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে। জাতীয় পুরস্কার পেয়েছি। আর এখন দুবাইতে আমার নামে একটি টাওয়ার দাঁড়াচ্ছে; সেখানে আমার একটি বাড়িও আছে।’
তিনি আবেগভরা কণ্ঠে আরও বলেন, ‘কখনো কল্পনাও করিনি যে পৃথিবীতে এমন বড় বড় সাফল্য আমার জন্য অপেক্ষা করবে। আমি বিশ্বাস করি, আমার বাবা-মা এসবই জান্নাত থেকে দেখছেন। আমার কাছে এটাই জীবনের সত্যিকার মোড় পরিবর্তনের মুহূর্ত।’