
দ্বিপাক্ষিক সম্পর্কের নানা টানাপোড়েন থাকলেও ভারতে বিদেশি পর্যটক আগমনের ক্ষেত্রে বাংলাদেশ টানা পাঁচ বছর ধরে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। সোমবার (৮ ডিসেম্বর) ভারতের অভিবাসন ব্যুরোর পরিসংখ্যান উদ্ধৃত করে দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১৭ লাখ ৫০ হাজার ১৬৫ জন বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন। যদিও ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২১ লাখ ১৯ হাজার ৮২৬, অর্থাৎ এবার কিছুটা কম পর্যটক ভারত গেছেন। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র—১৮ লাখ ৪ হাজার ৫৮৬ জন পর্যটক নিয়ে। ভারতের মধ্যে বিদেশি পর্যটক আগমনের সংখ্যায় শীর্ষে রয়েছে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র, যেখানে ২০২৪ সালে ভ্রমণ করেছেন ৩৭ লাখ ৫ হাজার ১৭০ জন বিদেশি পর্যটক। পশ্চিমবঙ্গও জনপ্রিয়তা ধরে রেখেছে, ২০২৪ সালে সেখানে গেছেন ৩১ লাখ ২৪ হাজার ৪৬২ জন বিদেশি পর্যটক।
গত বছর ভারতে বিদেশি পর্যটকদের আগমনে মোট ২ লাখ ৯৩ হাজার ৩৩ কোটি রুপি আয় হয়েছে, যার পেছনে ছিল প্রায় ২০৫.০৯ কোটি বিদেশি পর্যটকের ভ্রমণ।