
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ”ভারত চেয়েছিল বাংলাদেশকে ধ্বংস করে তাদের একটা রাজ্যে পরিণত করতে। বাংলাদেশের উপর দিয়ে রেল যাবে, কোন পয়সা দেবে না। বন্দর ব্যবহার করবে, কোন ট্যাক্স দেবে না। বাংলাদেশের উপর দিয়ে তাদের সেনারা ভারতে চলাচল করবে। বাংলাদেশকে তারা দখল করবে কোন পয়সা দিতে হবে না।”
পদ্মা সেতু বাংলাদেশের জনগণের জন্য নয়, ভারতের মোদীর জন্য বানানো হয়েছে উল্লেখ্য করে তিনি বলেন, “ভারতের মালামাল মংলা বন্দর থেকে ত্রিপুরা নেওয়ার জন্য এই সেতু করা হয়েছিল। জনগণ মনে করেছিল এটা আমাদের জন্য করা হয়েছে তা ঠিক নয়।”
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি যদি ঠিকমত কাজ না করেন আপনাকেও পালাতে হবে। মানুষ খুশি না, তাদের পেটে ভাত নাই, পকেটে পয়সা নাই। ঢাকা থেকে চট্টগ্রাম আসতে আমার ১১ ঘন্টা সময় লেগেছে। মহাসড়কের কোন যায়গায় হাইওয়ে পুলিশের উপস্থিতি চোখে পড়েনি। মহাসড়কে কোন শৃঙ্খলা নেই, এবিষয়ে সরকারের কোন মাথা ব্যথা নেই। কিছু উপদেষ্টা আছে এটাকে (দায়িত্ব) তামাশা হিসেবে নিয়েছে, আরাম হিসেবে নিয়েছে। এটা আরাম করার যায়গা নয়। ১৮ কোটি মানুষের দায়িত্ব নিয়েছেন একজন মন্ত্রী। তাকে দিনে ১৮ ঘন্টা কাজ করতে হয়। আমি যখন মন্ত্রী ছিলাম দিনে ২২/২৩ ঘন্টা পর্যন্ত কাজ করেছি। দিনে ১ ঘন্টা ঘুমিয়েছি, কোন দিন ১০ মিনিটও ঘুমিয়েছি। এই দেশ খুব বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।”
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গণতান্ত্রিক যুবদল চন্দনাইশ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেছেন তিনি। উপজেলা গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন এলডিপি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সভাপতি এম. এয়াকুব আলী। উদ্বোধক ছিলেন গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আমান সোবহান।
বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা এলডিপি সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, দোহাজারী পৌরসভা এলডিপি সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদল আহ্বায়ক সাইফুল ইসলাম খাঁন, সদস্য সচিব আব্দুল কুদ্দুস, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদল সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
সম্মেলন সঞ্চালনা করেন গণতান্ত্রিক যুবদল চন্দনাইশ উপজেলা সদস্য সচিব মো. সাইফুদ্দিন,
যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুবিন মেম্বার ও মো. সোনা মিয়া।