
আগামী ৪ অক্টোবর থেকে শুরু হওয়া সারাদেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা কুমিরা ঘাটে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জানানো হয় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে এবং নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে। সবাইকে সরকারের আইন মেনে চলার আহবান জানানো হয়। সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাসছিম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। তিনি বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের বিশেষ অভিযান চালানো হবে।
এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোষ্ট-গার্ডের কন্টিজেন্ট কমান্ডার পেটি অফিসার মোঃ মোজাম্মেল হক, বাংলাদেশ নৌ-পুলিশ কুমিরা ফাঁড়ির এসআই নেছার আহাম্মদ, জেলে প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ।