
টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে মাটিবাহী ডাম্প ট্রাক আটক করেছে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। পাহাড়ের লাল মাটি কেটে চোরাই পথে মাটিসহ অবৈধ মাটির ড্রাম ট্রাক চলাচল করায় দুই মাটি চোরকে আটক করে এক লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক আজিজ।
মঙ্গলবার দুপুরে আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের বাবুল হোসেনকে ৫০ হাজার টাকা এবং পলাশতলী গ্রামের মনির হোসেনকে ৫০ হাজার টাকাসহ মোট এক লাখ টাকা জরিমানা করা হয় বলে সহকারী কমিশনার ভুমি অফিস জানিয়েছেন।
একটি মহল বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে মাটি কেটে ডাম্প ট্রাক দিয়ে বহন করায় গ্রামীণ আঞ্চলিক রাস্তা ঘাট ও ব্রিজ কালভার্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনের নির্দেশনায় বিভিন্ন এলাকায় মাটির ডাম্প ট্রাক আটকে অভিযান পরিচালিত হচ্ছে।