
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। সকাল ৬টায় সেখানে তাপমাত্রা নেমে আসে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, সকাল ৬টার রেকর্ড অনুযায়ী এটি ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তাঁর মতে, এটি এখন পর্যন্ত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা কম হলেও সকাল থেকে আকাশ ছিল পরিষ্কার এবং সূর্যের আলোয় কিছুটা উষ্ণতা পাওয়া গেছে। তবে শহরের তুলনায় গ্রামাঞ্চল ও চা-বাগান এলাকায় শীত অনেক বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে চা-বাগান এলাকায় শীতের তীব্রতার কারণে শ্রমিকদের কাজ করতে অসুবিধা হচ্ছে। সন্ধ্যার পর শীত কিছুটা বেড়ে যাওয়ায় শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের ভোগান্তিও বাড়ছে।