আন্তর্জাতিক

যোদ্ধাদের সুড়ঙ্গ থেকে উদ্ধার নিশ্চিত করতে মধ্যস্থতাকারীদের প্রতি হামাসের আহ্বান

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ৩:১৫:৫৯ প্রিন্ট সংস্করণ

যোদ্ধাদের সুড়ঙ্গ থেকে উদ্ধার নিশ্চিত করতে মধ্যস্থতাকারীদের প্রতি হামাসের আহ্বান
ছবি : সংগৃহীত

গাজার রাফা অঞ্চলের সুড়ঙ্গগুলোতে আটকে থাকা যোদ্ধাদের নিরাপদে বের করে আনার জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশগুলোর সহায়তা চেয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। গতকাল বুধবার (২৬ সেপ্টেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় গোষ্ঠীটি।

হামাস ও ইসরায়েলের মধ্যে গত মাসে যুদ্ধবিরতি হলেও রাফার বিভিন্ন সুড়ঙ্গে প্রায় ১০০–২০০ যোদ্ধা আটকে থাকেন। কিছু যোদ্ধা বের হওয়ার চেষ্টা করলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে অন্তত ২০ জনকে হত্যা করে বলে হামাস জানায়। এ পরিস্থিতির পরই তারা মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ কামনা করেছে। এই প্রথমবারের মতো সুড়ঙ্গে যোদ্ধাদের আটকে থাকার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করল হামাস। বিবৃতিতে তারা জানায়, “আমাদের যোদ্ধাদের জীবনের নিরাপত্তার পুরো দায়ভার ইসরায়েলের। আমাদের সন্তানদের ঘরে ফিরিয়ে আনার জন্য আমরা মধ্যস্থতাকারী দেশগুলোর সহযোগিতা প্রত্যাশা করছি।”  যুদ্ধবিরতির পরও রাফার প্রায় সম্পূর্ণ এলাকাই এখনো ইসরায়েলি নিয়ন্ত্রণে। সেখানে তারা একটি কথিত ‘হলুদ সীমারেখা’ নির্ধারণ করেছে—যার কোনো দৃশ্যমান চিহ্ন নেই, কিন্তু তা অতিক্রম করলেই ফিলিস্তিনিদের লক্ষ্য করে নির্বিচারে গুলি বা বিমান হামলা চালায় দখলদার বাহিনী।

এদিকে মধ্যস্থতাকারীরা আটকে থাকা যোদ্ধাদের নিরাপদ পথ দিতে চেষ্টা চালালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর বিরোধিতা করছেন। তার দাবি, হামাসের যোদ্ধাদের আত্মসমর্পণ করতে হবে। তবে হামাস স্পষ্ট জানিয়েছে, তারা কখনোই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না।

আরও খবর

Sponsered content