রাঙ্গামাটি প্রতিনিধি : ১৩ নভেম্বর ২০২৫ , ৬:৩০:০৬ প্রিন্ট সংস্করণ
নানান নাটকীয়তার পর রাঙ্গামাটিতে আন্দোলনের মুখে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। চাকুরী প্রত্যাশী ও আন্দোলনরতদের সাথে বৈঠকে রাঙ্গামাটি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরিক্ষা আগামী ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় পূর্ব নির্ধারিত সময়ে সহকারী শিক্ষক নিয়োগের পরিক্ষার্থী ও প্রতিনিধিদের সাথে এই বৈঠকে জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ও নিয়োগ কমিটি সদস্যরা আগামী ২১ নভেম্বর লিখিত পরিক্ষা নেওয়ার এই সিদ্ধান্ত গ্রহন করেন।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আহব্বায়ক বৈশালী রায়, সদস্য মিনহাজ মুরশিদ, সদস্য দেব প্রসাদ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সহকারী শিক্ষক নিয়োগ চাকুরী প্রার্থীদের প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সহকারী শিক্ষক নিয়োগের চাকরিপ্রত্যাশী ও সমন্বয়ক নীতিশ চাকমা বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার্থীদের সাথে বৈঠকে জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ও নিয়োগ কমিটি সদস্যদের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনায় চাকরিপ্রত্যাশী ও পরীক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন এবং আগামী ২১ নভেম্বর ২৫ইং তারিখ লিখিত পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন এবং পাশাপাশি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য: গত মঙ্গলবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়। পরে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিতের প্রতিবাদে স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্ধারিত দিনেই পরীক্ষা নেওয়ার দাবিতে রাঙ্গামাটি জেলা পরিষদের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছেন নিয়োগপ্রার্থীরা। দিনভর অবরুদ্ধ কর্মকর্তারা- কর্মচারীরা। এতে স্বাভাবিক অফিস কার্যক্রম ব্যাহত হয়েছে।
এপর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা তিনবার স্থগিত করা হয়েছে। এতে চাকুরী প্রার্থীরা ভোগান্তিতে পড়ছেন। চাকরিপ্রার্থীদের বয়স বেড়ে গেলেও তাঁদের অপেক্ষা কাটছে না।











