
বছর শেষের প্রশাসনিক কার্যক্রমের কারণে ঢাকার ইন্দোনেশিয়া দূতাবাস ১৯ দিনের জন্য ভিসা সেবা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। আগামী ১৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ ও জমা দেওয়ার কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ের মধ্যে নতুন কোনো ভিসা আবেদন গ্রহণ করা হবে না এবং চলমান আবেদনও প্রসেস করা হবে না। তবে ১৪ ডিসেম্বরের আগে যারা আবেদন জমা দিয়েছেন, তারা পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী পাসপোর্ট বা ভিসা সংগ্রহ করতে পারবেন। দূতাবাস জানায়, আগামী ৪ জানুয়ারি থেকে ভিসা আবেদন গ্রহণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়ার কাজ পুনরায় স্বাভাবিক নিয়মে শুরু হবে।