
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সংলগ্ন মোড় এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় সড়ক দুর্ঘটনায় এক পশু চিকিৎসক নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ঘটনার স্থানে প্রায় ৫ কিলোমিটার (চান্দাইকোনা পর্যন্ত) এবং ঢাকামুখী দিক থেকে বগুড়াগামী রুটে ৮ কিলোমিটার (হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত) এলাকায় যানজট সৃষ্টি হয়ে হাজারো যাত্রী ও যানবাহন আটকা পড়ে।
নিহত পশু চিকিৎসক সাইফুল ইসলাম (৫৫) রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুতের ভূঁইয়াগাঁতী সাব-স্টেশনে ভাঙচুর চালায় এবং মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে ঘণ্টাব্যাপী পুরো মহাসড়ক অচল হয়ে পড়ে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, ইতিমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তায় যানযট নিরসনের জন্য স্থানীয়দের সাথে আলোচনা চলছে।