
লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির অভিযোগে অস্ত্রসহ ৬ জন যুবকের গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, রাতে মোমিন নামের এক কাঁচা মালের ব্যবসায়ীকে গলায় ছুরি ধরে টাকাসহ মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। ঘটনার পরপরই টহল পুলিশের সামনে পড়েন ভুক্তভোগী মো. মোমিন। তিনি বিষয়টি পুলিশকে অবগত করলে তাৎক্ষণিকভাবে রায়পুর থানা পুলিশের ৪টি টিম অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. মোমিন বাদী হয়ে রায়পুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. নাবিল হোসেন (২২), মো. নয়ন হোসেন (২০), রিমন হোসেন (২০), মো. শাকিব হোসেন (২০), মো. রাকিব (২০), জিদান (১৫)।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।