
শাপলা প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যের জবাবে তীর্যক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও জুলাই বিপ্লবী হাসনাত আবদুল্লাহ।
কোনো রাজনৈতিক দলকে ‘শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার কারণ ব্যাখ্যা করা হবে না’- সিইসির এমন বক্তব্যের জবাবে তিনি বলেছেন, ‘কারণ উপরের অনুমতি নাই। উত্তর দিক থেকে সিগন্যাল নাই।’
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সিইসির বক্তব্য নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করে এই মন্তব্য করেছেন হাসনাত।
যদিও নিজের পোস্টে ‘উপরের অনুমতি’ এবং ‘উত্তরের সিগন্যাল’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি হাসনাত।
এর আগে একই দিন নির্বাচন কমিশন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, ‘একটি দলকে শাপলা প্রতীক কেন দেওয়া হবে না, তার ব্যাখ্যা করবে না ইসি। এটা কমিশনের সিদ্ধান্ত। ইসি কারও কথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়।’
তিনি বলেন, নাগরিক ঐক্যও শাপলা চেয়েছিল, তাদেরকেও দেওয়া হয়নি। তাদের নিয়ে কথা না হলে এনসিপির ব্যাপারে এতো কথা কেন, এমন প্রশ্নও তোলেন সিইসি।