
গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আকাশ মিয়াকে (২৭) গ্রেফতার করেছে র্যাব-১।
শুক্রবার (০৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কেওয়া পশ্চিম খন্ড (কামারপট্টি) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আকাশ মিয়া শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (কামারপট্টি) এলাকার আব্দুল করিমের ছেলে। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তার নামে একটি অস্ত্র ও হত্যা মামলা ছিল, বর্তমানে ওইসব মামলায় সে জামিনে রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল নাফিস জানান, সেনাবাহিনী এবং যৌথ বাহিনী একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (কামারপট্টি) এলাকায় কতিপয় দুষ্কৃতিকারী ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এমন সংবাদে র্যাব-১ এবং সেনাবাহিনীর আভিযানিক দল কামারপট্টি এলাকার অভিযান চালায়। এক পর্যায়ে আকাশ মিয়ার ভাঙ্গারী দোকানের ভিতরে অভিযান চালালে দোকানে রাখা ড্রামের আড়াল থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে। আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।
তিনি আরো বলেন, আকাশ মিয়া মূলত অস্ত্র ভাড়া দেওয়ার কাজে নিয়োজিত ছিল এবং অস্ত্রগুলো বর্ডার পাস করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে বিভিন্ন অপকর্মের জন্য ভাড়া দিত।
কিছুদিন আগেও আমরা ফায়ারিং ইনসিডেন্ট পেয়েছি। গ্রেফতার আকাশ মিয়া ভাঙ্গারী ব্যবসার আড়ালে অস্ত্র ভাড়া দিত।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহম্মদ বলেন, সকালে র্যাব আসামীকে থানায় সোপর্দ করে। এ ঘটনায় একটি অস্ত্র মামলা রুজু হয়েছে। দুপরে আসামী আকাশ মিয়াকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।