
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সরকারি খাদ্য গুদাম থেকে গোপনে সাড়ে চার হাজার চালের খালি বস্তা পাচারের সময় একটি পিকআপ ভ্যান আটক করেছে স্থানীয় জনতা। তবে ঘটনাটি প্রশাসনকে জানানো হলেও তাৎক্ষণিক কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের ঘুন্টিঘড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি লেখা সংবলিত বিপুল পরিমাণ খালি বস্তা বোঝাই একটি পিকআপ সাতখামাইরের দিকে যাচ্ছিল। সন্দেহ হলে স্থানীয়রা গাড়িটি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, খাদ্য গুদাম থেকেই বস্তাগুলো কেনা হয়েছে।
খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন। এক পর্যায়ে স্থানীয়রা পিকআপটি বস্তাসহ খাদ্য গুদামের সামনে নিয়ে যান এবং প্রশাসনকে অবহিত করেন। তবে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় সাংবাদিক নেতারাও তীব্র নিন্দা জানিয়েছেন। স্থানীয়দের দাবি, সরকারি খাদ্য গুদাম থেকে খালি বস্তা কীভাবে বাইরে গেল এবং এতে কোনো কর্মকর্তা জড়িত কি না তা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
খাদ্য কর্মকর্তা (ওসিএলএসডি) আসাদুজ্জামান আসাদ খালি বস্তা বাহিরে যাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন আমি জানি না। আমার এখান থেকে কোন খালি বস্তা বাহিরে যায়নি। এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার অফিসের পক্ষ থেকে একটি তদন্ত টিম তদন্ত করছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: কামাল উদ্দিন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি খালি বস্তা খাদ্য গুদাম থেকে কিভাবে বাহিরে গিয়েছে এটা আমার জানা নেই। আপনারা (ওসি এলএসডি) সাথে যোগাযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি।