
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক অবসরপ্রাপ্ত অনারারী লেফটেন্যান্টের জমি জবরদখল, টিনের বেড়া নির্মাণ এবং সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শামীম আহমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে।
শুক্রবার বিকেলে (৩০ জানুয়ারি) উপজেলার পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড আওয়ালের মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শামীম আহমেদ পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় অবসরপ্রাপ্ত অনারারী লেফটেন্যান্ট অফিসার জয়নাল আবেদীন বাদী হয়ে শুক্রবার রাত দশটার দিকে শামীম আহমেদ (৩৫) সহ অজ্ঞাতনামা ৬০/৭০ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এর আগে গত ২২ জানুয়ারী জমি দখলের হুমকি হিসেবে শ্রীপুর থানায় একটি সাধারন ডায়রি নং ১৬৮৫ দায়ের করেন। থানায় সাধারণ ডায়েরি করার আটদিন পর গত শুক্রবার দিন বিকেলে হঠাৎ করে শামীম আহমেদ ৬০/৭০ জন অজ্ঞাতনামা লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দা লাঠি শাবল নিয়ে জমিটি দখল করার চেষ্টা করে। ১৯ বছর ধরে জমিতে ভোগদখল থাকা অবস্থায় হঠাৎ করে আধা ঘন্টার ভিতরেই তার জায়গাটি দখল হয়ে যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী জয়নাল আবেদীন কেওয়া পশ্চিম খন্ড এলাকায় বিগত ২০০৭ ও ২০০৮ সালে ৯৬৯১ ও ৫৭৫৯ নম্বর সাফ কবলা দলিলমূলে মোট ৯.৩৫ শতাংশ জমি ক্রয় করেন। উক্ত জমিতে তিনি ৪ তলা ফাউন্ডেশন দিয়ে তিন তলা ভবন নির্মাণ করে সপরিবারে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। প্রতিপক্ষ শামীম আহমেদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তার বাড়ির পূর্ব পাশের জমিটি দখলের পাঁয়তারা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৩০ জানুয়ারি বিকেলের দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র (দা, লাঠি, রড, হকিষ্টিক) নিয়ে জমিতে প্রবেশ করে জোরপূর্বক টিনের বেড়া নির্মাণ শুরু করে।
অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তা বাঁধা দিতে গেলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে ও তার পরিবারকে খুন-জখমের হুমকি দিয়ে জমি থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জমি দখলের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে শ্রীপুর থানার এসআই তাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে জমি দখলে নিষেধ করে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে রাত আটটার পর থানায় আসতে বলেন। এস আই তাজুল ইসলাম জানান ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে জমি দখলের সত্যতা পাই। পরে উভয়পক্ষকে আদালতে যাওয়ার পরামর্শ দেই।
ভুক্তভোগী মো. জয়নাল আবেদীন বলেন, আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল। অভিযুক্তরা ভাড়াটে লোকবল নিয়ে আমার বৈধভাবে কেনা জমি দখলের চেষ্টা করছে। আমি বাধা দেওয়ায় তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জানমালের নিরাপত্তা চাই।
অভিযুক্ত শামীম আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগটি সঠিক নয়। আমি এটা নিয়ে এলাকায় একাধিকবার সালিশ করেছি। আমার জায়গাটি দীর্ঘদিন ধরে বেদখল ছিল আজকে বেড়া দিয়ে দখলে নিয়েছি। আমি এই জায়গার বৈধ মালিক দাবি করছি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ জানান, একজন (অবঃ) সেনা কর্মকর্তার জমি দখলের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যেহেতু জমি দখলের বিষয়ে পুলিশের কোন এখতিয়ার নেই এটা আদালতের বিষয়, আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি।