
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের অন্তর্ভূক্ত পাহাড়ের গহীন অরণ্যে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ পাচারকারী কর্তৃক আস্তানা তৈরী করে শতশত গাছ কেটে বনাঞ্চল ধবংস করা হচ্ছে, বনবিভাগের এমন তথ্য জানতে পারে রাঙ্গামাটির লংগদু উপজেলার ৩৭ বিজিবি, রাজনগর জোন।
পরবর্তীতে গত ২০ জানুয়ারি ২০২৬ রাজনগর জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহনেওয়াজ তাসকিন, পিএসসি”র নির্দেশনায় অত্র জোনের সহকারী পরিচালক কে এইচ এম গোলাম কিবরিয়ার নেতৃত্বে বন বিভাগের সহায়তায় বিজিবির একটি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।
এসময় অভিযানে কাঠ পাচারকারী চক্রের ০২টি পরিত্যাক্ত আস্তানা সনাক্ত করা হয় এবং বেশকিছু কর্তনকৃত সেগুন গাছ উদ্ধার করা হয়। এদিকে এই অভিযানকে ভিন্ন ভাবে প্রচার করে পাহাড়ী জনসাধারণের কাছে বিজিবির ভাবমুর্তি ক্ষুন্ন করার চেষ্টা করে যাচ্ছে সশস্ত্র কাঠ পাচারকারী চক্রের সদস্যরা ।
উক্ত অভিযানের বিষয়ে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল শাহনেওয়াজ তাসকিন এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, তথাকথিত হিল ভয়েস নামক একটি ফেইসবুক ভিত্তিক নিউজ চ্যানেল কর্তৃক রাজনগর বিজিবির ২০ জানুয়ারি ২০২৬ তারিখের পরিচালিত অভিযানের বিষয়ে একটি অসত্য, গুজব সম্বলিত খবর এবং অসংশ্লিষ্ট ছবি ব্যবহার করে বিজিবির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত নিউজ চ্যানেলটি ব্যবহার করা হয়েছে।
সত্যিকার অর্থে, গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর জোন ৩৭ বিজিবি কর্তৃক পরিচালিত চোরাচালন দমন অভিযানের অংশ হিসেবে সারোয়াতলী ইউনিয়নের কামারকছড়া নামক স্থানে একটি অভিযান পরিচালনা করা হয়। বাস্তবিক অর্থে এখানে কোন জনবসতি নেই এবং স্থানটি একটি সংরক্ষিত বনাঞ্চলের অংশ। উক্ত স্থানে গাছ পাচারকারী সংঘবদ্ধ চক্র কর্তৃক সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করার উদ্দেশ্যে নির্বিচারে সেগুন গাছ কেটে ফেলা হচ্ছে, যা উদ্দেশ্য প্রনোদিত ও পরিবেশ এবং জীববৈচিত্র্য ধ্বংসের পরিকল্পনার অংশ বিশেষ।
পরিচালিত অভিযানে বিজিবি টহল দল কর্তৃক দুইটি কাঠ চোরাকারবারীদের পরিত্যাক্ত আস্তানা সনাক্ত করা হয় এবং উদ্ধারকৃত সেগুন গাছের লগসমূহ স্থানীয় বন বিভাগে হস্তান্তর করা হয়। এই সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কাটা সম্পূর্ন অবৈধ ও দন্ডনীয় অপরাধ। তিনি নির্বিচারে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংশকারী, কাঠ পাচারকারী সংঘবদ্ধ চক্রের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, ভবিষ্যতেও রাজনগর জোন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।