
সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ আল-হুমাইদ মুসলিম অভিভাবকদের সন্তান লালন-পালনে ফিলিস্তিনি শিশুদের আদর্শ হিসেবে গ্রহণের পরামর্শ দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ফিলিস্তিনের শিশুরা তাদের সাহস, দৃঢ়তা ও আত্মমর্যাদার মাধ্যমে মুসলিম উম্মাহর জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
শুক্রবার মসজিদুল হারামে দেওয়া খুতবায় শায়খ হুমাইদ বলেন, ফিলিস্তিনের শিশুরা বীরত্বের প্রকৃত উদাহরণ। তারা আত্মসমর্পণ ও অপমানের পথ প্রত্যাখ্যান করে, আধুনিক ও প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত দখলদার জায়নবাদী আগ্রাসনের মুখোমুখি দাঁড়িয়ে নিজের জীবন ও নিরাপত্তা উজাড় দিয়েছে। খুতবার মূল বক্তব্যে তিনি নতুন প্রজন্মের চরিত্র গঠনের ওপর জোর দেন। তিনি বলেন, সন্তানদের মধ্যে উচ্চতর মূল্যবোধ, আত্মসম্মান এবং উচ্চাকাঙ্ক্ষা বপন করতে হবে, যাতে তারা নিজেদের গৌরবময় ঐতিহ্য রক্ষা করতে সক্ষম হয়। শিশুদের ইসলাম ও উম্মাহর মৌলিক পরিচয় অনুধাবন করতে শেখানো এবং নিজেদের মূল্যবোধ নিয়ে গর্ববোধ গড়ে তোলার গুরুত্বও তিনি উল্লেখ করেন।
শায়খ হুমাইদ আরও বলেন, শহীদদের রক্ত ও বীরদের অবিচলতা শিশুদের মধ্যে এমন মনোবল তৈরি করে যা কখনো হীনমন্যতা মেনে নেয় না। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, ফিলিস্তিন ও আল-কুদস চিরকাল আরব ও মুসলিম উম্মাহর হৃদয়ে বেঁচে থাকবে।