
সরকার সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং মিয়ানমার থেকে মোট এক লাখ মেট্রিক টন চাল আমদানি করবে। এ ব্যবস্থায় মোট ব্যয় হবে ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা।
বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে এই চাল আমদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হবে। এটি দুবাইয়ের মেসার্স ক্রিডেন্টওয়ান এফজেডসিও থেকে কেনা হবে। মোট ব্যয় ধরা হয়েছে ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা, প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৫৫.৯৯ মার্কিন ডলার।
এর পাশাপাশি, মিয়ানমার থেকে জি টু জি (সরকার-থেকে-সরকার) ব্যবস্থায় ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানের অনুমোদন দেওয়া হয়েছে। এটি মিয়ানমার রাইস ফেডারেশন (এমআরএফ) থেকে কেনা হবে। এ আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ২২৯ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা, প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৭৬.৫০ মার্কিন ডলার।