
সরিষাবাড়ী প্রতিনিধি: সারাদেশে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতন ও হেনস্থার ঘটনার তীব্র প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিলটি সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজার, মাহমুদা সালাম মহিলা কলেজ মোড় অতিক্রম করে মন্ডল মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলার শাখার কার্যালয় গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মহিলা নেত্রীবৃন্দসহ বিপুল সংখ্যক নারী কর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল। তিনি বলেন, নির্বাচনী মাঠে নারীদের ওপর হামলা গণতান্ত্রিক অধিকার হরণের শামিল এবং এর মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। অবিলম্বে এসব হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা মহিলা বিভাগের সভানেত্রী সুলতানা সাথী, সহ-সভাপতি সাবিনা খাতুন, পৌর সভাপতি শাহনাজ পারভিন, সহ-সভাপতি হীরা আক্তার এবং ভাটারা ইউনিয়নের দায়িত্বশীলা সালমা আক্তার ও রত্না আক্তার।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে নারী কর্মীদের টার্গেট করে হামলা ও হেনস্থা চালানো হচ্ছে, যা শুধু নিন্দনীয় নয়—গণতান্ত্রিক চর্চার জন্যও হুমকিস্বরূপ। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার, নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবাধ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।