প্রতিনিধি ২ নভেম্বর ২০২৫ , ৩:৪৮:২৮ প্রিন্ট সংস্করণ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রতিনিধি দল।
রোববার (২ নভেম্বর) বিকেল ৩টায় সিইসির দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ অন্তর্ভুক্ত করার দাবি নিয়েই মূলত এই বৈঠকে অংশ নেয় এনসিপি। তবে নির্বাচন কমিশন ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে, কোনো দলকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়া হবে না। কারণ, নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীকটি তালিকাভুক্ত নয়। এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত থাকলেও, এনসিপি দাবি করছে, তারা দীর্ঘদিন ধরে ‘শাপলা’ প্রতীককে নিজেদের প্রতীক হিসেবে চেয়ে আসছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে এনসিপিও রয়েছে। দলটির বিষয়ে কোনো আপত্তি আছে কিনা, তা জানতে কমিশন ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, “নতুন দল হিসেবে সহযোগিতা করার পরিবর্তে নির্বাচন কমিশন আমাদের কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। ‘শাপলা কলি’ প্রতীক সংক্রান্ত সিদ্ধান্ত তারা এক মাস আগেই দিতে পারতো। আমরা শুধু আমাদের দাবি—‘শাপলা’ প্রতীকটাই চাই।”

















