
চট্টগ্রামের সীতাকুণ্ডে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধ এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের আলেকদিয়া এলাকার বাসিন্দারা। রোববার সকালে উপজেলার সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অনুষ্ঠিত এ মানববন্ধনে গ্রামের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সম্প্রতি কুমিরা উপকূলে একটি বাল্কহেড পোড়ানোর ঘটনায় হওয়া মামলা প্রত্যাহার এবং পুলিশী হয়রানির বন্ধের দাবী জানান তারা। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘন্টার উক্ত মানববন্ধনে আলোকদিয়া গ্রামের বিভিন্ন বয়সের নারী, পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মো. ফখরুল ইসলামকে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, আলেকদিয়া গ্রামটি সমুদ্রের একেবারে উপকূলীয় এলাকায় অবস্থিত। এত ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা সত্ত্বেও এ এলাকা কোনো স্থায়ী বেড়িবাঁধ বা সুরক্ষা ব্যবস্থা নেই। এই সুযোগে সম্প্রতি একটি প্রভাবশালী ও অসাধু চক্র সাগর থেকে অবৈধভাবে বালি উত্তোলন শুরু করে। এর ফলে উপকূল ভাঙনের আশঙ্কা বাড়ছে, পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গ্রামের ঘরবাড়ি, ফসলি জমি ও মানুষের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়ছে। তারা বলেন, গ্রামবাসী বিষয়টি নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাই এবং বালি উত্তোলন বন্ধের অনুরোধ করে।
কিন্তু বালি উত্তোলনকারীরা কোনো কর্ণপাত না করে তারা উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে, যার ফলে নিরীহ মানুষ বর্তমানে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। মামলার পর পুরুষেরা রাতে ঘরে থাকতে পারছেন না। আমরা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানাই।’ মানববন্ধনে বক্তব্য রাখেন ইউসুফ মিস্ত্রী, মো. আবু তাহের, মো. মেজবাহ উদ্দিন সাহেদ, ডা. মো. নুরুচ্ছাফা, মো. আরজু, সালাউদ্দিন সওদাগর, মো. সাহাব উদ্দিন, মো. সাহেদ, আফতাব, রিজুয়ান, তারেক হোসেন।