সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৫ , ৭:৫৬:০৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি, ভাটিয়ারী এবং সলিমপুর ইউনিয়নের শিক্ষার্থীদের সংগঠন এস. বি. এস স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে এসএসসি ও এইচএসসি এবং জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বিকাল ৪টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিন ইউনিয়নের প্রায় ৮০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
এস. বি. এস এর সভাপতি রায়হান উদ্দিন রাজুর সভাপতিত্বে এবং ইসরাত জেরিন ও ইসরাত ইউনুস এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ। তিনি বলেন, দক্ষ জনশক্তির মাধ্যমে দেশকে উন্নত করতে পারবে। আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে মেধার কোন বিকল্প নেই। সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে সীতাকুণ্ডকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।
তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিরুল আনোয়ার চৌধুরী, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোঃ রহিম উদ্দিন, এস.আর. ও. আই এর বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মোহাম্মদ কামরুল হাসান, ৪৪তম বিসিএস এডমি ক্যাডার এহসান, এস. বি. এস স্টুডেন্টস এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সোলাইমান শওকত, তসলিম উদ্দিন, ফোরকান উদ্দিন, সাইফুদ্দীন, সংগঠনের সাধারণ মোঃ সাকিবসহ সংগঠন বিভিন্ন নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।











