
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কুমিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘাটঘর এলাকায় জেলে পাড়ায় কাতার প্রবাসী বদন দাশের ঘরে এ চুরির ঘটনা ঘটে।
সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটলেও পরিবারের লোকজন বাড়িতে না থাকায় বিষয়টি জানতে পারেন বুধবার সকালে। চোরের দল বদন দাশের ঘর থেকে আলমারি ভেঙে ৯ভরি স্বর্ণ, নগদ ৩০ হাজার টাকাসহ ঘরের সব মালামাল নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
প্রবাসী বদন দাশ বলেন, আমি পরিবার নিয়ে আমার পাকা ঘরের গেটে তালা লাগিয়ে গত সোমবার আমার শ্বশুর বাড়ি সন্দ্বীপে বেড়াতে যায়। বুধবার সকালে বাড়িতে এসে ঘরে প্রবেশ করে দেখি ঘরের সব রুম আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। এরপর দেখতে পাই আলমিরায় রাখা ৯ ভরি স্বর্ণালঙ্কার, ৩০ হাজর টাকা নেই। এছাড়া দুইটি পাসপোর্ট, ২টি মোবাইল সেট, ফ্রিজ, পানির মোটর, ১০ কম্বল, গ্যাসের চুলা, সমস্ত কাপড় চোপড়, পিতলের থালা এমনকি প্রত্যোক রুম থেকে বৈদ্যুতিক বাল্বসহ সমস্ত কিছু নিয়ে যায়। চোরের দল গাছ বেয়ে ছাদে উঠে ঘরের সিঁড়ির উপরে টিন কেটে ঘরে ঢুকে তাঁরা।
এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে দেয়। স্বর্ণালঙ্কারসহ মোট প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোরের দল।
বদন দাশের স্ত্রী বলেন, আমার ঘরের সমস্ত ব্যবহারিক জিনিসপত্র, কাপড় চোপড় এমন কি ভাত খাওয়ার থালা, পাতিলসহ সব কিছু নিয়ে আমাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর বলেন, চুরির ঘটনার বিষয়টি অবগত হয়েছি। অভিযোগ ফেলে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।