
চট্টগ্রাম-৪ সীতাকুন্ড এবং পাহাড়তলী-আকবর শাহ (আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন মোহাম্মদ আসলাম চৌধূরী এফসিএ। গত বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত চূড়ান্ত দলীয় মনোনয়নপত্র দলের গুলশান কার্যালয় থেকে গ্রহণ করেন আসলাম চৌধুরী।
চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে দুই দফায় ১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বুধবার চূড়ান্ত মনোনয়নে ১৩ আসনে ঘোষিত প্রার্থী এবং একটি আসনে নতুন প্রার্থী মনোনয়ন পেয়েছেন। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ৩ নভেম্বর উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাহ উদ্দিনের নাম ঘোষণা করা হয়।
কিন্তু গতকাল চূড়ান্ত মনোনয়ন পান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। বিষয়টি নিশ্চিত করে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম গণমাধ্যমকে জানান, চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে মনোনয়ন দেওয়া হয়েছে। ১৩ আসনে ঘোষিত প্রার্থীরাই চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। কেবল সীতাকুণ্ড আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে। উল্লেখ্য, আসলাম চৌধুরী ২০০৮ এবং ২০১৮ সালে দলের প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে এই আসনে প্রতিদ্বন্ধিতা করেন। এক প্রতিক্রিয়ায় আসলাম চৌধুরী ধানের শীষের বিজয় নিশ্চিতে দলীয় নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। পাশাপাশি তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।