
সৌদি আরব নতুন করে আরও দুটি অ্যালকোহল স্টোর চালুর পরিকল্পনা করেছে। এর একটি খুলবে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর ধাহরান কম্পাউন্ডে কর্মরত অমুসলিম বিদেশিদের জন্য, আর আরেকটি জেদ্দায় বিদেশি কূটনীতিকদের জন্য। বিষয়টি সম্পর্কে অবহিত একাধিক সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন চলমান সংস্কার অভিযানের অংশ হিসেবে দেশটি ধীরে ধীরে কঠোর সামাজিক বিধিনিষেধ শিথিল করছে এবং বিভিন্ন খাতে উন্মুক্ততার দিকে এগোচ্ছে। এরই ধারাবাহিকতায় গত বছর রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য প্রথম মদের দোকান চালু করা হয়—১৯৫১ সালের নিষেধাজ্ঞার পর যা ছিল যুগান্তকারী উদ্যোগ। কূটনৈতিক মহলে দোকানটি পরিচিত ‘বুজ বাঙ্কার’ নামে। সূত্র থেকে জানা যায়, ধাহরানে নতুন স্টোরটি স্থাপন করা হবে আরামকোর মালিকানাধীন একটি আবাসিক এলাকায়, যেখানে শুধুমাত্র অমুসলিম বিদেশি কর্মীরাই কেনাকাটা করতে পারবেন। অন্য দোকানটি জেদ্দায় বিভিন্ন কনস্যুলেটের কূটনীতিকদের জন্য চালু করার পরিকল্পনা রয়েছে। উভয় দোকান ২০২৬ সালে চালু হতে পারে বলে ধারণা করা হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সময়সূচি জানানো হয়নি। এ বিষয়ে সৌদি সরকারের মিডিয়া সেন্টার বা আরামকো কেউই মন্তব্য করেনি। রিয়াদে থাকা দোকানটিতে সম্প্রতি অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সি–ধারীরাও কেনাকাটার সুযোগ পাচ্ছেন—যা উদ্যোক্তা, বড় বিনিয়োগকারী এবং বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের দেওয়া হয়। রিয়াদে অ্যালকোহল স্টোর খোলার আগে দেশটিতে মদ পাওয়া যেত কেবল কূটনৈতিক ব্যাগেজ, কালোবাজার বা ব্যক্তিগতভাবে তৈরি করে। উপসাগরীয় অঞ্চলের অন্যান্য বেশিরভাগ দেশেই সীমিত আকারে অ্যালকোহল বৈধ, শুধু কুয়েত ছাড়া। যদিও সৌদি নাগরিকদের জন্য অ্যালকোহল এখনো নিষিদ্ধ, তবুও সাম্প্রতিক সময়ে সামাজিক উন্মুক্ততা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সিনেমা হল, কনসার্ট, মরুভূমির ডান্স ফেস্টিভ্যাল—সবকিছুই এখন সাধারণের জন্য উন্মুক্ত। নারীদের গাড়ি চালানোর অনুমতি এবং নারী–পুরুষের মেলামেশায় নানা শিথিলতাও এই পরিবর্তনেরই ফল। অর্থনীতিকে বহুমুখী করা, পর্যটক বাড়ানো এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণই এসব পরিবর্তনের মূল উদ্দেশ্য। এক আন্তর্জাতিক প্রতিবেদনে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পর্যটন এলাকায় অ্যালকোহল চালুর পরিকল্পনার কথা বলা হলেও সৌদি কর্তৃপক্ষ তা অস্বীকার করে। তবে বিষয়টি দেশটিতে বড় ধরনের অনলাইন বিতর্ক তৈরি করে, কারণ সৌদি রাজা ইসলামের দুই পবিত্র মসজিদের অভিভাবক হিসেবেও পরিচিত। সামাজিক পরিবর্তন দ্রুত এগোলেও অ্যালকোহল সংক্রান্ত নীতিতে শিথিলতা অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী মে মাসের মধ্যে রেড সি গ্লোবাল প্রকল্পের আওতায় ১৭টি নতুন হোটেল খোলার পরিকল্পনা রয়েছে, তবে এসব বিলাসবহুল রিসর্টেও অ্যালকোহল থাকবে না।
সম্প্রতি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিবকে বিদেশি পর্যটক আকর্ষণে অ্যালকোহল নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা জানি অনেক আন্তর্জাতিক পর্যটক অ্যালকোহল প্রত্যাশা করেন, কিন্তু এখনো কোনো পরিবর্তন হয়নি।” ভবিষ্যতে পরিবর্তন আসবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন, “এটা আপনি যেমনভাবে ব্যাখ্যা করতে চান, তেমনভাবে করতে পারেন।”