
সৌদি আরবে আইনগতভাবে এখনো মদ্যপান এবং মদ বিক্রি নিষিদ্ধ। তবে গত বছর প্রথমবারের মতো শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের জন্য রিয়াদে একটি সরকারি অনুমোদিত মদের দোকান চালু করা হয়েছিল। সম্প্রতি সেই সুবিধার পরিধি আরও বাড়িয়েছে দেশটি।
এএফপি ও নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ এখন ধনী অমুসলিম বিদেশি নাগরিকদেরও ওই দোকান থেকে মদ কিনতে দিচ্ছে। এর ফলে দোকানের বাইরে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
তবে মদ কেনার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে—
রিয়াদের কূটনৈতিক অঞ্চলে অবস্থিত এই লিকার শপই সৌদির একমাত্র অনুমোদিত মদের দোকান। এখানে শুধু মদ বিক্রি করা হয়, পান করার সুযোগ নেই। আগে শুধুমাত্র বিদেশি কূটনীতিকদের জন্য উন্মুক্ত থাকলেও সম্প্রতি প্রিমিয়াম ভিসাধারী অমুসলিম ধনী বিদেশিদের জন্যও এই সুবিধা চালু করা হয়েছে। প্রিমিয়াম ভিসাধারীরা প্রায় এক মাস ধরে এই দোকান থেকে মদ কিনতে পারছেন। বর্তমানে সৌদিতে এমন ভিসাধারীর সংখ্যা ১২,৫০০ জনেরও বেশি। তাদের কেউ কেউ এএফপিকে জানিয়েছেন—সৌদিতে মদ বিক্রি শুরু হয়েছে জানতে প্রথমে তাঁরা বিস্মিত হন, পরে দোকানে গিয়ে নিজেরাই মদ কিনে তা নিশ্চিত হন। ইতিহাস বলছে, সৌদিতে ১৯৫২ সাল পর্যন্ত মদের দোকান চালু ছিল। এরপর সরকার দেশে মদ্যপান ও মদ কেনা-বেচা নিষিদ্ধ করে। তবে ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে বেশ কিছু সামাজিক ও অর্থনৈতিক সংস্কার শুরু হয়। তেলের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে প্রিমিয়াম ভিসাধারীদের জন্য মদ কেনার সুযোগও সেই পরিবর্তনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
সৌদির এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে জেদ্দা ও দাহরানেও পৃথক দুটি অনুমোদিত মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে সরকারের।