
পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি বন্দরে সংগঠিত এক অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মীভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক ২টার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডে ছারছীনা হোটেল ও মিজান ডেকরেটর নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৭ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ সুত্রে জানা যায়। ছারছীনা হোটেলের এক কর্মচারী জানান, রাতে বিক্রি শেষে আমরা দুজন কর্মচারী হোটেল বন্ধ করে সেখানে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুনের টের পেয়ে জেগে দেখি হোটেলের চারদিকে আগুন জ্বলছে। তখন আমি অন্য কর্মচারীকে ঘুম থেকে ডেকে তাকে নিয়ে বাইরে বেরিয়ে আসি এবং চিৎকার দিয়ে আশেপাশের লোকদের ডাকি।
কিছুক্ষণ পরে বন্দরের মসজিদে মাইকিং কররে শত শত এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্ঠা করে। খবর পেয়ে স্বরূপকাঠী ফায়ার সার্ভিসের একটি দল অকুস্থলে এসে ঘন্টাখানেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুন লাগার সঠিক কারন সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রাপাত বলে ধারনা করা হচ্ছে। মিজান ডেকরেটরের মালিক মো. মোকলেছুর রহমান জানান, রাত দুইটার সময় দোকানে আগুন লাগার সংবাদ পেয়ে এসে দেখি আমার সব পুড়ে ছাই হয়ে গেছে, আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম।
ছারছীনা হোটেলের মালিক মো. কোরবান জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি চোখের সামনে আমার হোটেলটি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দোকানে আমার দুজন কর্মচারী ঘুমিয়ে ছিলো। আল্লাহ ওদের বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা করেছেন। এদিকে ঘটনার পরপরই ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম।