
নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন চেতনা পরিষদের ২৫ বছর পূর্তি উদযাপিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে চেতনা পরিষদ ও কবি এমদাদ আলী পন্ডিত স্মৃতি পাঠাগারের আয়োজনে উপজেলার মধ্য পশ্চিম সোহাগদলে প্রতিষ্ঠাকালীন চেতনার বাতিঘর শাখা কার্যালয় ও স্বরূপকাঠি ডিজিটাল পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে শুক্র ও শনিবার দুইদিন ব্যাপী বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়।
দুইদিন ব্যাপী এ আয়োজনে কবি এমদাদ আলী পন্ডিত স্মরণ সভা, লেখক-পাঠক মেলা, শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, কোরান ও হামদ, নাথ পরিবেশন, মেধা যাচাই, দেশাত্মবোধক গান ও বিজয় দিবসের নৃত্য অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লেখক ও কবি অধ্যাপক ডা. ফজলুল হক। চেতনা পরিষদ ও কবি এমদাদ আলী পন্ডিত স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম জাহিদ সোহেল এতে সভাপতিত্ব করেন।
এ সময় স্মরণীকা তারুণ্যের চেতনা-৪ এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও সংগঠনটির আয়োজনে সরকারি স্বরূপকাঠি কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে চেতনা পরিষদ স্বরূপকাঠি উপজেলা শাখার সভাপতি মাইনুল হক মিঠু, আর্কাইভস অধিদপ্তরের নূরুল ইসলাম জুয়েল, ব্যাংকার সাইফুল্লাহ মুনির, ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদৌসুর রহমান রুমি, সাংবাদিক এম ইসলাম জাহিদ প্রমূখ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান শেষে স্বরূপকাঠি উপজেলা শাখার সম্মেলনে মাইনুল হক মিঠুকে সভাপতি ও শেখ রনিকে সাধারণ সম্পাদক ঘোষণা করে তাদেরকে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।