
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও দুই ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার দুপুরে ‘জুলাই ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর দুইটার দিকে বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জুলাই ঐক্য পরিষদের নেতারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবস্থান নেন এবং প্রতিবাদ সমাবেশ শুরু করেন। টানা দুই ঘণ্টা চলা এই অবরোধের কারণে চার রাস্তার মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
সমাবেশে বক্তারা শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, ‘আমাদের ভাই শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।’ এ সময় বক্তারা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের পদধারী নেতাদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন।
খবর পেয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, ‘আইনগত প্রক্রিয়ায় সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হবে।’ ওসির আশ্বাসের পরিপ্রেক্ষিতে জুলাই ঐক্য পরিষদের নেতারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সমাবেশে বক্তব্য দেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক প্রকৌশলী শাহরিয়ার আহম্মেদ সুমন, সদস্যসচিব আমির হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়েজিদ আলামিন, জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজু, জুলাই যোদ্ধা শহিদুল হক সানি, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি তামিম মোল্লা, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শিশির আহমেদ নিশান ও খন্দকার কাজল।
এ ছাড়াও বক্তব্য দেন সরকারি কেইউ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক লাদেন আকন্দ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিয়াদুল হক, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আদিল ও এনসিপির রিয়াদ প্রমুখ।