দেশজুড়ে

হাবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প

  হাবিপ্রবি প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৫ , ৮:২৭:০০ প্রিন্ট সংস্করণ

হাবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, হাবিপ্রবি শাখা আয়োজন করেছে একদিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প। আগামী রবিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহীদ নূর হোসেন হল মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থীকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

এই ক্যাম্পে থাকবেন ছয়জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক, যারা মানসিক স্বাস্থ্য, গাইনী, চর্ম ও যৌন রোগ, চোখ, দাঁত এবং সাধারণ চিকিৎসাসেবা প্রদান করবেন। মানসিক রোগ বিভাগে থাকবেন ডা. মো. নাজমুল হোসেন শাহ, যিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক। গাইনী ও প্রসূতিবিদ্যা বিভাগে থাকবেন ডা. মোছা. মজিদা খাতুন, যিনি ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। চর্ম ও যৌন রোগের চিকিৎসা দেবেন ডা. আনিকা তাসনিম তিয়াশা, যিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ডিডিভি সম্পন্ন করেছেন। চক্ষু বিভাগে থাকবেন গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রাক্তন চীফ কনসালটেন্ট ডা. মো. আনছার আলী। দাঁতের চিকিৎসা ও সার্জারির জন্য থাকবেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডা. তানজিলা আক্তার তিমু। সাধারণ চিকিৎসাসেবায় থাকবেন ডা. কামরুন নাহার (কেয়া), যিনি একই হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য চিকিৎসাসেবা প্রদান। তারা আশা প্রকাশ করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে তুলবে এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহিত করবে।

আরও খবর

Sponsered content