
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ১০ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুকের ছাতা প্রতীকের প্রচারণায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম-১৪ সংসদীয় আসন এলাকার দায়িত্বশীলদের নিয়ে পরিচিতি ও প্রচারণা সভা গত শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে চন্দনাইশ পৌরসদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চন্দনাইশ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম-১৪ আসনে দশ দলীয় জোটের প্রার্থী ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, জোটের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানো জামায়াত নেতা চক্ষু সার্জন ডা. মো. শাহাদাত হোসেন।
জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুফতি আবু তাহের তোরাবী, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএস) চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল করিম কাসেমী, চট্টগ্রাম মহানগর জামায়াত নেতা মোহাম্মদ সাইফুদ্দীন, উত্তর সাতকানিয়া জামায়াতের আমির মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস, চন্দনাইশ উপজেলা এলডিপির সেক্রেটারি আকতারুল আলম, চন্দনাইশ পৌরসভা জামায়াতের আমির কাজী কুতুব উদ্দিন, সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
উপজেলা দায়িত্বশীলদের উপস্থিতিতে আয়োজিত এই সমাবেশে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব ও সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, “একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীলদের ভূমিকা অপরিসীম। সংগঠনের প্রতিটি স্তরে সততা এবং নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।” তারা নেতা-কর্মীদের জনগণের সেবায় আত্মনিয়োগ করার এবং দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আগামীর নিরাপদ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে সবাইকে ১০ দলীয় জোটের প্রার্থী এলডিপি নেতা অধ্যাপক ওমর ফারুককে ছাতা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।