
দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতার মাটিতে পা রাখলেন আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি। শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর মধ্য দিয়ে শুরু হলো তার বহুল প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’। গভীর রাত হলেও শহরজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ।
মিয়ামি থেকে দুবাই হয়ে কলকাতায় নামেন বিশ্বকাপজয়ী এই তারকা। রাতের অন্ধকার উপেক্ষা করে বিমানবন্দরের বাইরে হাজার হাজার ভক্ত জড়ো হন মেসির এক ঝলক দেখার আশায়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ভক্তদের উচ্ছ্বাস সামাল দিতে বিমানবন্দরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রতিবেদন অনুযায়ী, এ সময় ভক্তরা মেসির নাম ধরে স্লোগান দেন, আর্জেন্টিনার পতাকা উড়ান এবং কেউ কেউ উত্তেজনায় ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করে। সফরের আয়োজক শতদ্রু দত্ত বলেন, “১৪ বছর পর মেসির ভারতে আগমন এক অসাধারণ আবেগ তৈরি করেছে। এতে ভারতে ফুটবলপ্রেম নতুন করে জেগে উঠছে। আগে কখনো এত স্পনসর একসঙ্গে ভারতীয় ফুটবলের পাশে দাঁড়ায়নি।” মেসির ফ্লাইট অবতরণের অনেক আগেই ভক্তরা বিমানবন্দরে এসে অপেক্ষা করতে থাকেন। এক ভক্ত জানান, “আমরা দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। দরকার হলে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করব। জীবনে একবার পাওয়া এই সুযোগ মিস করা যায় না।”
তিন দিনের ভারত সফরে মেসি কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি সফর করবেন। কলকাতায় তার সূচি বেশ ব্যস্ত। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত থাকবে ব্যক্তিগত সাক্ষাৎপর্ব, যেখানে আমন্ত্রিত অতিথি ও আয়োজকেরা উপস্থিত থাকবেন। এরপর অনলাইনে যুক্ত হয়ে তিনি নিজের নামে নির্মিত একটি ভাস্কর্যের উদ্বোধন করবেন, যা শহরের পক্ষ থেকে ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। সফরের সবচেয়ে আকর্ষণীয় পর্বটি হবে সন্ধ্যায়। যুবভারতী স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন মেসি। একই ভেন্যুতে ভক্তদের সঙ্গে সরাসরি কথোপকথনের আয়োজনও রয়েছে। এই আয়োজনের মধ্য দিয়েই কলকাতায় তার কর্মসূচি শেষ হবে।
ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে ইভেন্টে প্রবেশের ব্যবস্থা করা হয়। টিকিটের দাম শুরু হয়েছিল প্রায় ৪ হাজার ৫০০ রুপি থেকে। ব্যাপক চাহিদার কারণে অল্প সময়ের মধ্যেই বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে যায়।