
আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। আয়োজক দেশগুলোর বেশ কয়েকটি অঞ্চলে উচ্চ তাপমাত্রার সম্ভাবনা থাকায় ফুটবলারদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন নিয়ম চালু করছে ফিফা। ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচের দুই অর্ধেই রাখা হচ্ছে তিন মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বাধ্যতামূলক বিরতি।
নতুন নিয়ম অনুযায়ী, আবহাওয়া বা মাঠের অবস্থা যেমনই হোক, প্রতিটি অর্ধে ২২ মিনিটের মাথায় খেলা থামানো হবে তিন মিনিটের জন্য। এতে কার্যত ম্যাচগুলো চারটি পৃথক ভাগে (ফোর-কোয়ার্টার) বিভক্ত হবে। কোচ এবং সম্প্রচারকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রধান টুর্নামেন্ট কর্মকর্তা মানলো জুবিরিয়া বলেন, “ম্যাচ যেখানেই হোক, ছাদ থাকুক বা না থাকুক, তাপমাত্রা যাই হোক—প্রত্যেক ম্যাচেই তিন মিনিটের হাইড্রেশন ব্রেক থাকবে।” ফিফা জানায়, চলতি বছর ক্লাব বিশ্বকাপসহ বেশ কিছু টুর্নামেন্টে এর আগেও এমন বিরতি দেওয়া হয়েছিল, তবে তখন তা নির্ভর করত তাপমাত্রার ওপর। উদাহরণস্বরূপ, ক্লাব বিশ্বকাপের কিছু ম্যাচে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁলেই বিরতি দেওয়া হতো। প্রচণ্ড গরমের প্রভাব নিয়ে খেলোয়াড়রাও উদ্বেগ প্রকাশ করেছিলেন। বেনফিকার ফরোয়ার্ড আন্দ্রেস শেলডারাপ বলেন, “আমার মনে হয় না এত গরমে আগে কখনো খেলেছি। এটি মোটেই স্বাস্থ্যকর নয়, তবে ভালো লাগছে যে খেলাটা শেষ করতে পেরেছি।” চেলসির এনজো ফের্নান্দেজ জানান, “এক ম্যাচে মাথা ঝিমঝিম করছিল, শুয়ে পড়েছিলাম। এত গরমে খেলা সত্যিই বিপজ্জনক।”
আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ, আর টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।