
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে দীর্ঘদিনের ২৩ লাখ ৭০ হাজার টাকা পাওনা টাকা ও জমি লিখে না দেওয়ার ঘটনায় চরম মানসিক চাপে পড়ে স্ট্রোক করে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত ব্যবসায়ী তপন বিশ্বাস (৫৫)। তিনি বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের মোড়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা সনজিত বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মোড়া বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে একই গ্রামের কৃষক রফিক মোল্যার কাছ থেকে জমি ক্রয়ের উদ্দেশ্যে তপন বিশ্বাস ২৩ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেন। তবে টাকা নেওয়ার পরও রফিক মোল্যা জমি লিখে না দিয়ে বিভিন্ন সময় তালবাহানা করতে থাকেন। দীর্ঘদিন ধরে টাকা ফেরত বা জমি লিখে না দেওয়ায় বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে রফিক মোল্যাকে টাকা পরিশোধ বা জমি লিখে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা মানতে অস্বীকৃতি জানান।
মঙ্গলবার রাতে এ বিষয় নিয়ে তপন বিশ্বাস ও রফিক মোল্যার মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। রাতে তপন বিশ্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং রাত আনুমানিক ১০টার দিকে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
বুধবার সকালে স্থানীয় লোকজন নিহতের মরদেহ রফিক মোল্যার বাড়িতে রেখে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি শান্ত করতে রফিক মোল্যার পক্ষ থেকে নিহতের পরিবারের কাছে ২৫ লাখ টাকার একটি চেক দেওয়া হয়। এরপর মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয় এবং বিকেলে পারিবারিকভাবে দাহকার্য সম্পন্ন করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত রফিক মোল্যার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তবে তার স্ত্রী ও স্বজনরা দাবি করেন, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।