
মুশফিকুর রহিমের ঐতিহাসিক সেঞ্চুরি এবং লিটন দাসের দুর্দান্ত শতকে ভর করে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৭৬ রানের শক্তিশালী সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন, যিনি ইনিংসে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট।
দ্বিতীয় দিনের শুরুতেই মুশফিক তাঁর শততম টেস্টকে স্মরণীয় করে তোলেন দুর্দান্ত এক সেঞ্চুরির মাধ্যমে। হাম্প্রেসের বলে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে ১০৬ রানে, তবে এর আগেই লিটন দাসের সঙ্গে জুটিতে দলকে এনে দেন মূল্যবান ১০৮ রান। তার বিদায়ের সঙ্গে ৩১০ রানে ভাঙে বাংলাদেশের পঞ্চম উইকেট। মুশফিক আউট হলেও নিজের ইনিংসকে আরও লম্বা করেন লিটন দাস। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা এ ডানহাতি ব্যাটার তুলে নেন তার ক্যারিয়ারের পঞ্চম শতক। ৮ চার ও ২ ছক্কায় সাজানো লিটনের ১২৮ রান বাংলাদেশকে বড় স্কোরের পথে এগিয়ে দেয়। মেহেদি হাসান মিরাজও লিটনকে ভালো সমর্থন দেন। দুজন মিলে গড়ে তোলেন ১৩৩ রানের আরেকটি উল্লেখযোগ্য জুটি। মিরাজ করেন ৪৭ রান। কিন্তু গ্যাভিন হোয়ের বলে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে ফিরে আসেন তিনি।
মিরাজ ফিরতেই খুব দ্রুতই ভাঙে বাংলাদেশের ছন্দ। মাত্র চার বল ব্যবধানে লিটনও আউট হলে চাপ বাড়ে। হোয়ের বলে সুইপ করতে গিয়ে টপ-এজ উঠলে স্লিপে পল স্টার্লিংয়ের হাতে সহজ ক্যাচ দেন তিনি। এতে ৪৩৩ রানে পড়তে হয় সপ্তম উইকেট। ইনিংসের শেষ দিকে তাইজুল ইসলাম ও হাসান মুরাদ চেষ্টা করলেও স্কোর খুব বেশি বাড়াতে পারেননি। তাইজুল ৪ রানে বোল্ড হলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।