
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘স্বপ্ন নিয়ে পথ চলা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (১লা রমজান) উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রায় ২০টি অসচ্ছল পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একজন নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকান প্রবাসীর অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, প্রতিটি পরিবারের জন্য উপহার সামগ্রীর মধ্যে ছিল—চাল ৫ কেজি, ডাল ২ কেজি, ছোলা ২ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ২ কেজি, চিনি ২ কেজি, তেল ২ লিটার, সেমাই ১ প্যাকেট, মুড়ি ২ কেজি (৪ প্যাকেট) এবং খেজুর ১ কেজি।
সহায়তা পেয়ে ধানগড়া এলাকার বাসিন্দা অসহায় সখিনা বেওয়া বলেন, রমজান মাসে খাবার নিয়ে খুব চিন্তায় ছিলাম। এই সহায়তা পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। অন্তত এক মাস পরিবারের জন্য চিন্তা কমলো।
ধামাইনগর ইউনিয়নের শিকারপুর এলাকার আরেক অসহায় বাসিন্দা রহিমা বেওয়া বলেন, “আমাদের মতো গরিব মানুষের পাশে দাঁড়ানোয় সংগঠনের সবাইকে ধন্যবাদ। এই সহযোগিতা আমাদের জন্য অনেক বড় সহায়তা।
সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। সমাজের সচ্ছল মানুষ এগিয়ে এলে অসহায় পরিবারগুলোর কষ্ট অনেকটাই কমানো সম্ভব। আমরা ছোট পরিসরে শুরু করেছি, ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।
এ সময় সংগঠনের সদস্য সাকমান হাবিব আকাশ, রায়হান, আশাদুল ইসলাম ও মওদুদ উপস্থিত ছিলেন।