
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নিয়ে গঠিত জামালপুর-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয় অর্জন করেছেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর রাতেই শুরু হয় ভোট গণনার কার্যক্রম। দীর্ঘ গণনা শেষে রাত ১১টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফরিদুল কবীর তালুকদার শামীমকে বিজয়ী ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ফরিদুল কবীর তালুকদার শামীম মোট ১,৪৭,৪০৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবদুল আউয়াল পেয়েছেন ৪৪হাজার ৯৪৭ ভোট।
বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ায় সরিষাবাড়ী জুড়ে নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সমর্থকরা তাদের আনন্দ প্রকাশ করেন।