
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় টপসয়েল কর্তন এবং নদীর পাড় বিনষ্ট করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি ধ্বংস ঠেকাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার কালিঞ্জা ব্রিজ, পাঙাসী ব্রিজ, ধানগড়া ব্রিজ ও রামেশ্বরগাতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ছয় ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন। অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার দায়ে জড়িত একজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় অভিযানের খবর পেয়ে অন্য কয়েকটি স্থানে মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যান। তবে ঘটনাস্থলে পাওয়া চারটি মাটি কাটার ভেক্যু মেশিন এবং তিনটি ট্রাক প্রশাসনের নির্দেশে অকেজো করে দেওয়া হয়, যাতে পুনরায় এসব যন্ত্র ব্যবহার করে অবৈধ কার্যক্রম চালাতে না পারে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নদীর পাড় কেটে এবং কৃষিজমির উর্বর টপসয়েল সরিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে একদিকে যেমন ফসল উৎপাদন হুমকির মুখে পড়ছে, অন্যদিকে নদীভাঙন ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, পরিবেশ ধ্বংস করে কোনো ধরনের অবৈধ মাটি কাটা বরদাশত করা হবে না। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।