
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটি রেকর্ড নিজের করে নিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শনিবার (১ নভেম্বর) তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানের দারুণ ইনিংস খেলে তিনি গড়লেন নতুন মাইলফলক, আর তাঁর এমন দিনে সিরিজও জিতে নিলো পাকিস্তান।
এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১১ রানের অপরাজিত ইনিংস খেলে বাবর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করার রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন। এবার তিনি ভাঙলেন আরেক কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলির রেকর্ডও। ৩৯টি অর্ধশতকের পর কোহলির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন বাবর। এবার নিজের ৪০তম ফিফটি তুলে নিয়ে এককভাবে এগিয়ে গেলেন তিনি। রেকর্ডময় এই দিনে ৪ উইকেটের জয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৩৯ রান। জবাবে পাকিস্তান ৮ রানে প্রথম উইকেট হারালেও, এরপর দৃঢ় হাতে ইনিংস গড়ে তোলেন বাবর আজম। দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন তিনি। এরপর সালমান আগাকে সঙ্গে নিয়ে ৫২ বলে ৭৬ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান। ৪৭ বলে ৬৮ রান করে আউট হলেও, তাঁর ইনিংসেই জয়ের ভিত পায় পাকিস্তান।
শেষ পর্যন্ত ৬ বল হাতে রেখে ৪ উইকেটের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে সালমান আগার দল, আর বাবর আজম নিজের নাম লেখান আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে আরও এক অনন্য রেকর্ডে।