
চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল দারুচ্ছালাম আদর্শ আলিম মাদরাসার হলরুমে শুক্রবার বিকেলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ‘বাহমনিখীল ইলাহী ইসলামী যুব কাফেলা’র ২০২৫-২৭ সেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শপথ অনুষ্ঠানের দিনে সংগঠনটি মানবতার কল্যাণে এক মহতী উদ্যোগ গ্রহণ করে। এ সময় অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে নগদ অর্থ সহায়তা এবং গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখেরখীল বায়তুর রব্বান শাহী জামে মসজিদের খতিব মাওলানা সরওয়ার কামাল হাবিবী। প্রধান অতিথি ছিলেন শেখেরখীল ইউনিয়ন জামায়াতের আমীর ও শিক্ষাবিদ এমরান বাচ্চু।
সংগঠনের সদস্য ও শিক্ষাবিদ মোহাম্মদ মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও শিক্ষাবিদ মাস্টার নওয়াব আলী, শিক্ষাবিদ তফাজ্জল হোসেন, কমর-উল হক, মাওলানা জাফর আহমেদ, সংগঠনের সহ-সভাপতি আক্তারুজ্জামান এবং শিক্ষা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আতাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ হাসমত উল্লাহ, সাধারণ সম্পাদক এস. এম. ইমাম হোছাইন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ বায়েজিদ ইলাহী, অর্থ সম্পাদক মুহাম্মদ তারেকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক সাকিবুল হাসান মানিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোজাহেরুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক হাফেজ আব্দুস সত্তার রেজভী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সাকিব হোছাইন এবং কৃষি ও প্রবাসী কল্যাণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার।
অতিথিরা তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘এই শপথগ্রহণ শুধু একটি দায়িত্ব গ্রহণ নয়, এটি সমাজ ও মানুষের প্রতি এক পবিত্র অঙ্গীকার। ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, মানবসেবারও ধর্ম।’ তাঁরা যুবসমাজকে আদর্শিক চেতনা ও মানবসেবার ব্রত নিয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান এবং নবনির্বাচিত কমিটির জনকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর (২০২৫-২৭) সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।