
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেছেন, বিএনপি আওয়ামী লীগ বেঁধেছে জোট, ঘোড়া মার্কায় দেবে ভোট। হাসান মামুন বলেন, একটি দল যখন (বিএনপি) সিদ্ধান্ত নিতে ভুল করে তখন জনগণের ভেতর থেকে বৃহত্তর ঐক্যর মাধ্যমে নতুন নেতৃত্বর সৃষ্টি হয়।
দলের ভুল সিদ্ধান্তর কারণে দশমিনা-গলাচিপায় যে ঐক্যর সৃষ্টি হয়েছে ঘোড়া মার্কার বিজয়ের মাধ্যমে তা পূর্ণতা পাবে বলে মন্তব্য করেন তিনি। সোমবার বিকালে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনি শেষ জনসভায় এমন মন্তব্যে করেন হাসান মামুন। ওই জনসভায় ইতিহাস সৃষ্টি করে হাজার হাজার মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্য হাসান মামুন বলেন, পটুয়াখালী-৩ আসনের নির্বাচনে অনেক মিথ্যাচারসহ হুমকি-ধমকি দেয়া হচ্ছে। তিনি বলেন, তিনি নির্বাচিত হলে দশমিনা-গলাচিপায় ব্যাপক উন্নয়ন করবেন। রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
হাসান মামুন বলেন, নির্বাচনে কারচুপিসহ ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি সাধারণ ভোটারদের বিচলিত না হওয়ার আহ্বান জানান। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাড়িয়ে যাবেন এবং ফলাফল নিয়ে বাড়ি ফিরবেন। নির্বাচনি জনসভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।