প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ২:১৩:২১ প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৬০ হাজার ৮০২ টন গমবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুসারে সরকার-টু-সরকার (জি-টু-জি) নগদ ক্রয় চুক্তির আওতায় এই গম আমদানি করা হয়েছে। চুক্তি অনুযায়ী, মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করবে বাংলাদেশ। এর মধ্যে প্রথম চালান হিসেবে গত ২৫ অক্টোবর দেশে আসে ৫৬ হাজার ৯৫৯ টন গম। এবার দ্বিতীয় চালানটি এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত খালাস কার্যক্রম শুরু করা হবে বলে জানানো হয়েছে।

















