
ওয়ানডে ফরম্যাটে দীর্ঘদিন জয়হীন ছিল বাংলাদেশ দল। সবশেষ ১২ ম্যাচের মধ্যে ১১টিতেই হারের মুখ দেখতে হয়েছিল টাইগারদের। এমন হতাশার পর অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ে ফিরেছে তারা। অল্প রান তুলেও দাপুটে জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
ওয়ানডেতে ২১০ রানের নিচে জয় পাওয়া বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। সর্বশেষ ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরেই আয়ারল্যান্ডের বিপক্ষে ২০৫ রান করেও জয় পেয়েছিল টাইগাররা। দীর্ঘ ৫৩৪৯ দিন বা প্রায় ১৪ বছর পর, একই ভেন্যুতে আবারও কম রানে জয়ের স্বাদ পেল তারা।
প্রথম ওয়ানডের পিচ নিয়ে সমালোচনা থাকলেও রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানের বোলিং প্রমাণ করে দিয়েছে, মিরপুরে ছোট স্কোরেও জয় পাওয়া সম্ভব। এই জয়ে ওয়ানডে র্যাংকিংয়ে অবস্থান শক্ত করতে এবং সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিতের পথে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ দল।
ব্যাট হাতে ১৩ বলে ঝড়ো ২৬ রান করার পর বল হাতে ছয় উইকেট নিয়ে রিশাদ হোসেন যেন লিখে গেলেন নতুন এক ইতিহাস। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। তার দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ ৭৪ রানের ব্যবধানে জিতে নেয় সিরিজের প্রথম ম্যাচ।