
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারীদের কাছ থেকে একটি ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করতে গিয়ে মসজিদে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি। তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারী কুপিয়ে জখম করেছে ছিনতাইকারী ও তার সহযোগিরা।
ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ৮ টায় উপজেলার পৌর সদরের ৬ নং ওয়ার্ডের পান্না বাড়ৈইপাড়া এলাকায়।
আহতরা হচ্ছেন, ওই গ্রামের মনির, মাহাবুব এবং রাসেল। আহতরা জানান, ওই সময় পান্না বাড়ৈপাড়া গ্রামের মহাসিন কাজির ছেলে রাসেল (২৮) আড়াইহাজার বাজার থেকে প্রয়োজনীয় কাজ সেরে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
এ সময় তিনি পান্না বাড়ৈপাড়া জামে মসজিদ এলাকায় পৌঁছলে কয়েকজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে এবং প্রাণনাশের হুমকি দিয়ে তার সঙ্গে থাকা ১ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। রাসেল দৌড়ে পার্শ্ববর্তী পান্না বাড়ৈপাড়া জামে মসজিদের ভিতরে আশ্রয় নিয়ে ছিনতাইয়ের ঘটনাটি চিৎকার করে বলেন। এ সময় মুকুন্দী এলাকার রুপ মিয়া, মানিক, মোবারক, মাইনুদ্দিন, সবুজ, সোহাগ এরা ছিনতাইকারীদের পক্ষ নিয়ে ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মসজিদের ভিতরে থাকা রাসেল, মাহাবুব ও তার ভাই মনির নামে ৩ জনকে কুপিয়ে জখম করে।
আহতরা আড়াইহাজার উপজেলা স্বস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
থানার ডিউটি অফিসার মোঃ মোমেন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।