
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এক মেয়ে ও তার বাবা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বামনের হাট সাদুল্লা সরকারপাড়া এলাকার আইরিন বেগম নামে এক রোগীকে দেখতে তার স্বামী ও সন্তান হাসপাতালে আসেন। তারা দ্বিতীয় তলায় উঠার পরপরই হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে উপস্থিত মেয়ে ও তার বাবা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া রওশন মিয়া জানান, অসুস্থ স্ত্রীকে দেখার জন্য আমরা বাবা-মেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় উঠলে কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে উপর থেকে ছাদের পলেস্তারা খসে পড়ে। একটু এগিয়ে গেলেই এ দূর্ঘটনার শিকার হতাম বলে জানান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের অধিকাংশ কক্ষই জরাজীর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম বলেন, দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন অর রশিদ জানান, ভবনটি অনেক পুড়াতন হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের কক্ষ গুলো অনেক ঝুঁকিপূর্ন হয়েছে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও রুগী উভয়েই ঝুঁকিতে আছে। তিনি অতিশীঘ্রই ঝুঁকিপূর্ণ ভবনটি পুনঃরায় স্থাপনের জোর দাবি জানান।