
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন
১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়।
সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ১৪০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬ হাজার ৯৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী তাসভীর-উল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ হাজার ৯৮২ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক ডা. মো. আক্কাছ আলী সরকার হাতপাখা প্রতীকে ৩৩ হাজার ৪০৯ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান লাঙ্গল প্রতীকে ২ হাজার ৭৮ ভোট, গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাড. এস.এম. নুরে এরশাদ সিদ্দিকী ট্রাক প্রতীকে ২৩৮ ভোট ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমান হাঁস প্রতীকে পেয়েছেন ৫৯৬ ভোট।
উল্লেখ্য, উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন গঠিত। তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদী দ্বারা বেষ্টিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪৭০ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৩ হাজার ৬৪ জন এবং নারী ১ লাখ ৮৫ হাজার ৪০৬ জন। মোট ভোট কেন্দ্র ১৪০টি। ভোটকেন্দ্র গুলোতে বুথ ছিলো ৬৯৭টি। কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় বেষ্টিত ছিলো।
২৭ কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে নির্বাচিত হওয়া ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, জনগণ আমাকে ভালোবেসে যে রায় দিয়েছেন সে রায় প্রকৃত রায়। তিনি আরও বলেন, আমি জনগণের সেবা করে যাব। জনগণ আমাকে এত ভালোবাসে তা কখন ভুলতে পারবনা বলে জানান তিনি।