
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় এক অসহায় প্রবাসী পরিবারের পৈত্রিক বসতভিটায় ঘর নির্মাণে বাঁধা, দফায় দফায় হামলা এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে চন্দনাইশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুবাই প্রবাসী আবদুস ছবুর এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দোহাজারী পৌরসভার চাগাচর এলাকার মৃত জালাল আহমদের ছেলে আবদুস ছবুর জানান, তাদের পৈত্রিক মৌরশী বসতভিটায় (বিএস দাগ নং- ১৫১৬, ১৫১৭, ১৫১৮) ঘর নির্মাণ করতে গেলে গত ৫ বছর ধরে একই এলাকার মৃত সাচি মিয়ার পুত্র মোহাম্মদ আলী ও আমির হোসেন গং নানাভাবে হয়রানি করে আসছে।
প্রবাসী ছবুর অভিযোগ করেন, তিনি কর্মস্থলের প্রয়োজনে প্রবাসে থাকাকালীন তার মা, স্ত্রী ও বিধবা ভাবী ঘর নির্মাণ ও সংস্কারের কাজ করলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায় এবং শ্লীলতাহানি করে। বর্তমানে তিনি দেশে আসার পর পুনরায় কাজ শুরু করতে চাইলে অভিযুক্তরা মাথাপিছু ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে।
ভুক্তভোগী পরিবারটি জানায়, দাবিকৃত চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় চক্রটি পুলিশ ও আদালতের মাধ্যমে বারবার মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে তাদের হয়রানি করছে। এমনকি সম্প্রতি একটি ফেসবুক পেজের মাধ্যমে তাদের বিরুদ্ধে একপাক্ষিক ও অসত্য সংবাদ প্রচার করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলেও তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে আবদুস ছবুর বলেন, “আমি একজন ক্ষুদ্র রেমিট্যান্স যোদ্ধা। ৫ বছর ধরে আমি ও আমার পরিবার এই চক্রটির কাছে জিম্মি হয়ে আছি। তারা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এখন নিজ বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এমতাবস্থায়, জীবনের নিরাপত্তা ও পৈত্রিক সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাসের নিশ্চয়তা চেয়ে ভুক্তভোগী পরিবারটি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে শহীদ উদ্দীন, সাইরা খাতুন, কায়সার হামিদ, পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।