
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে বেপরোয়া গতির হানিফ বাসের চাপায় মো: জাবেদ (২৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় উপজেলার বাগিচাহাট মক্কা পেট্রোল পাম্প সংলগ্ন শিকারিরটেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত জাবেদ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব সাতবাড়িয়া হাজিরপাড়া এলাকার মৃত রফিক আহমদের ছেলে।
জানা যায়, জাবেদ একটি বেসরকারি বীজ কোম্পানিতে কর্মরত ছিলেন। শনিবার দুপুর ১২টার সময় তিনি মোটরসাইকেলযোগে খানহাট বীজ ভান্ডারে যাওয়ার পথে বাগিচাহাট মক্কা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী বেপরোয়া গতির একটি হানিফ বাস (ঢাকা মেট্রো-ব, ১৪-২১৩১) সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে জাবেদকে বহনকারী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় জাবেদ।
ঘটনার পরপর উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ উপ-পরিদর্শক সাত্তারের নেতৃত্বে দোহাজারী হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
মুঠোফোনে যোগাযোগ করা হলে দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহ্ উদ্দীন চৌধুরী বলেন, ঘাতক বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ দাফনে পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে জাবেদের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এদিকে এই দুর্ঘটনায় নিহত জাবেদের পরিবারসহ পুরো পূর্ব সাতবাড়িয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া গতির যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।