
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, মজুতদারি ও অনিয়ম প্রতিরোধে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৪টি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে বিষয়টি জানা গেছে।
জানা গেছে, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশীয় বাজারে জ্বালানী তেলের সরবরাহ স্থিতিশীল রাখা ও অপচয় রোধকল্পে চন্দনাইশ উপজেলার ফিলিং স্টেশন/ ডিলার পয়েন্টসমূহে তেলের মজুদ, সরবরাহ এবং বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।
ট্যাগ অফিসারের কার্যপরিধি অনুযায়ী নির্ধারিত ফিলিং স্টেশনে তেলের মজুদের সঠিকতা যাচাই করা এবং তেল বিক্রয়ের ক্ষেত্রে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করে নিয়মিত তথ্য প্রদান করে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য বলা হয়েছে।
চারজন ট্যাগ অফিসারের মধ্যে মেসার্স গাছবাড়িয়া ফিলিং স্টেশনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন, আবদুল্লাহ বিন সোলাইমান আলী আল জারবোয়া ফিলিং স্টেশনে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. ইমরুল হাসান, মেসার্স এম এ কাসেম ব্রাদার্সে উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান এবং মেসার্স নজরুল এন্ড কোম্পানীতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন বলেন, “ট্যাগ অফিসাররা সংশ্লিষ্ট পাম্প/ডিলার পয়েন্টসমূহে নিয়মিত তদারকি করবেন এবং জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করবেন। কোনো ধরনের কৃত্রিম সংকট, মজুতদারি বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”