
মেহেরপুরের সদর উপজেলায় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ফারহানা ওয়াহেদ অমি প্রাণ হারিয়েছেন। তিনি জাবি ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে সদর উপজেলার ফতেহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অমির গ্রামের বাড়ি মেহেরপুর সদর উপজেলার হোটেলবাজারে। তার পিতার নাম আব্দুর ওয়াহেদ।
মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, অমি সকালে তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ফতেহপুর থেকে শ্বশুরবাড়ি রামদাসপুর যাচ্ছিলেন। রামদাসপুরের কাছে সড়কে মোটরসাইকেলটি ব্রেক করলে একই দিক থেকে আসা একটি ট্রাক অমিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান, কিন্তু তার স্বামী অক্ষত থাকেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে পাঠায়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। এসআই ফারুক হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
অমির মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এবং ইংরেজি বিভাগের সভাপতি রায়হান শরীফ শোক প্রকাশ করেছেন। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের পরিবারের একজন সদস্যকে হারালাম। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।” জাকসু জিএস মাজহারুল ইসলাম বলেন, “আমরা একই বিভাগের শিক্ষার্থী ছিলাম। সে খুব বিনয়ী ও সদয় ছিল। পুরো বিশ্ববিদ্যালয় তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।”